চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

পণ্ডশ্রম

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

এই নিয়েছে ওই নিল যা
কান নিয়েছে চিলে।
চিলের পিছে ঘুরছি মরে
আমরা সবাই মিলে।

দিনদুপুরে জ্যান্ত আহা,
কানটা গেল উড়ে।
কান না পেলে চার দেয়ালে
মরব মাথা খুঁড়ে।

কান গেলে আর মুখের পাড়ায়
থাকল কী-হে বলো?
কানের শোকে আজকে সবাই
মিটিং করি চলো।

যাচ্ছে, গেল সবই গেল,
জাত মেরেছে চিলে।
পাজি চিলের ভূত ছাড়াব
লাথি, জুতো, কিলে।
সুধী সমাজ! শুনুন বলি,
এই রেখেছি বাজি,
যে জন সাধের কান নিয়েছে
জান নেব তার আজই।

মিটিং হলো ফিটিং হলো,
কান মেলে না তবু।
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই
মেলান যদি প্রভু।
ছুটতে দেখে ছোট্টো ছেলে
বলল, ‘কেন মিছে
কানের খোঁজে মরছ ঘুরে
সোনার চিলের পিছে?’

‘নেইকো খালে, নেইকো বিলে
নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে
সেখানটাতেই আছে।’

ঠিক বলেছে, চিল তবে কি
নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি,
পণ্ড হল শ্রম।

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই