চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

বৃষ্টি

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

বৃষ্টি এলো… বহু প্রতীক্ষিত বৃষ্টি!— পদ্মা মেঘনার
দুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়,
বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়;
বিদ্যুৎ-রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার।
দিক-দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার
বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,
রৌদ্র-দগ্ধ ধানখেত আজ তার স্পর্শ পেতে চায়,
নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন
রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর,
তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন,
পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর,
যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর ।।

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই