চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

আমার বাড়ি

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেবো পিঁড়ে,
জলপান যে করতে দেবো
শালি ধানের চিড়ে।
শালি ধানের চিড়ে দেবো,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরি কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দিঘির কাজল জলে
হাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ।

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই