গোপাল একটা নতুন ঘোড়া কিনেছে। গোপাল তাই নিজে সব ক’রে তার সাজ পরাতে গিয়েছে। নিজের পছন্দমত কোনমতে সাজ এঁটে দেওয়ার পর একটা চাকর ব’লে উঠলে, “বাবু! সাজ উল্টো হলো যে।”
গোপালের নিজের মনেও সন্দেহ হচ্ছিলো যে, তার হয়তো সাজ পরানো ঠিক হয়নি। কিন্তু তাই ব’লে চাকরে ভুল ধরবে? এ হতেই পারে না। তিনি চটে বললেন, “কেন ? উলটো হবে কেন রে বোকা ?”
চাকর বললে, “এ দিকটা থাকবে আপনার মুখের দিকে ও-দিকটা থাকবে পিঠের দিকে। তাহলেই ঠিক হবে বাবু।”
গোপাল কোনমতে ছোট হতে পারছিল না তাই সে ধমকে বললে, “ব্যাটা ফাজিল মূর্খ ! তুই কী করে জানলি, আমি কোন দিকে মুখ ক’রে বসবো তুই যেন সবজান্তা হয়ে বসে আছিস্?”
এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।